শায়েস্তাগঞ্জে পাঁচ হোটেলকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি হোটেলকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান শান্ত।

অভিযানে খাদ্যের মান, স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে হোটেল আল সোহাগ, ফারদিন মারদিন, অলিপুরের স্টার হোটেল, সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং মক্কা হোটেলকে সর্বমোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। খাদ্যের মান ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে অভিযানের ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা


শেয়ার করুন