টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ-নদীতে পানি বৃদ্ধি

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে জেলার নদীগুলো ফুলে-ফেঁপে উঠলেও বুধবার বিকেল পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে। যদিও এখন পর্যন্ত বন্যার কোনো পূর্বাভাস নেই, তবুও নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, উজান ও দেশের অভ্যন্তরে ব্যাপক বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি এবং তাৎক্ষণিকভাবে বিপদসীমা অতিক্রমেরও কোনো পূর্বাভাস নেই। তিনি জানান, খোয়াই নদীর বাল্লা সীমান্ত এলাকায় পানি তুলনামূলক দ্রুত বাড়ছে। এছাড়া কুশিয়ারা, সুতাং ও সোনাই নদীসহ জেলার সব নদ-নদীতেই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এখন পর্যন্ত বন্যার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে। বন্যার পূর্বাভাস পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে


শেয়ার করুন