মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রেজাউল করিম।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৭৫ জন উপকারভোগীর মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে পাঁচটি ইউনিয়নের প্রতিটিতে ৩১ জন করে মোট ১৫৫ জন কৃষক এবং আজমিরীগঞ্জ পৌরসভার ২০ জন কৃষকের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের জন্যও গাছের চারা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রেজাউল করিম বলেন, "গাছ লাগান, পরিবেশ বাঁচান।" তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা। তিনি কৃষকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও মন্দির প্রাঙ্গণে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে উপকারভোগীদের হাতে বিনামূল্যে গাছ ও বৃক্ষের চারা, লেবুর চারা, জৈব সার, বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
