শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢলের তীব্র স্রোতে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের একাংশ ধসে পড়েছে। ফলে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ ছোট যানবাহনের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী সমীরণ সরকার বলেন, “এই সড়ক দিয়ে তেলিয়াপাড়া-নোয়াহাটি হয়ে অল্প সময়েই উপজেলা সদরে যাওয়া যেত। নোয়াহাটি বাজারের ব্যবসা-বাণিজ্যও এই সড়কের ওপর নির্ভরশীল। কিন্তু ঢলের পানির স্রোতে একাধিক স্থানে রাস্তা ভেঙে যাওয়ায় এখন যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল।”
এ সময় ব্যবসায়ী মুর্শেদ মিয়াসহ স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক বন্যা ও টানা বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিএনজিচালক সুমন মিয়া বলেন, “আগে নিয়মিত এই সড়ক দিয়ে যাত্রী পরিবহন করতাম। এখন রাস্তার অবস্থা এতটাই খারাপ যে দুর্ঘটনার ভয়ে চলাচল বন্ধ রাখতে হচ্ছে।”
আন্দিউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য সাদেক মিয়া বলেন, “শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের শত শত মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। তাই দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি। এটি মেরামত করা হলে মানুষের কষ্ট অনেকটাই কমবে।”
উপজেলা এলজিইডি কর্মকর্তা রেজাউন নবী বলেন, “এবারের বন্যায় উপজেলার অনেক কাঁচা ও পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কার করা হবে। আন্দিউড়া-নোয়াহাটি সড়কটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”
