চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়নের মূলধারায় তাদের সম্পৃক্ত করতে সরকারের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে চা বাগান এলাকার উন্নয়ন কার্যক্রমের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, এতিম ও বাস্তুভিটাহীন পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন সরকারি সহায়তা তুলে দেওয়া হয়।

এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানে হাজার হাজার শ্রমিক পরিবার বসবাস করছে। দীর্ঘদিন ধরে এসব পরিবারের অনেকেই শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা সংকটের মধ্যে রয়েছেন। তাদের জীবনমান উন্নয়নে সরকার কার্যকর পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তিনি বলেন, চা বাগান এলাকার বাস্তব পরিস্থিতি এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। সরকারের পরিকল্পনার অংশ হিসেবে চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আবাসন সুবিধা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ধারাবাহিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই চা বাগান এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি এসব উদ্যোগের সুফল পৌঁছে গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিক পরিবারের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং তারা দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত হতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, সাবেক চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ শফিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার আবিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল হক তালুকদার এবং লস্করপুর ভ্যালি শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

বক্তারা চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, চা শ্রমিক প্রতিনিধি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য এবং বিভিন্ন পর্যায়ের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং অসহায় পরিবারের সদস্যদের মধ্যে সরকারি সহায়তা বিতরণ করা হয়


শেয়ার করুন