হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে হাবিবুর রহমান নামে এক বালু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার নারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত হাবিবুর রহমান উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। তিনি জানান, অভিযানের সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিন শ্রমিককে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
