জানা গেছে, কয়েকদিনের তীব্র গরমের পর মঙ্গলবার থেকে জেলায় ভারী বর্ষণ শুরু হয়। মঙ্গলবার ও বুধবার দিনভর টানা বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার সব নদ-নদীর পানি বাড়তে থাকে। বুধবার দুপুরের পর খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, উজান ও দেশের অভ্যন্তরে ব্যাপক বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বুধবার বিকেল ৩টা পর্যন্ত খোয়াই নদীর চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত পয়েন্টে পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া করাঙ্গি, সুতাং ও সোনাই নদীসহ জেলার অন্যান্য নদ-নদীতেও পানি ক্রমাগত বাড়ছে বলে তিনি জানান।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এখন পর্যন্ত বন্যার কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। তবে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পূর্বাভাস পাওয়া গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে।
