নদীভাঙন ঠেকাতে ৩২০ কোটি টাকার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নদীভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ৩২০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

পরিদর্শনকালে তিনি উপজেলার পাহাড়পুর থেকে সৌলরীবাজার পর্যন্ত নদীভাঙনপ্রবণ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম ও নদীভাঙন প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. রেজাউল করিম, আজমিরীগঞ্জ প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, নদীভাঙন আজমিরীগঞ্জের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে সরকারের গৃহীত প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার এসব প্রকল্প বাস্তবায়িত হলে আজমিরীগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষের বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা পাবে বলে আশা করছেন স্থানীয়রা।


শেয়ার করুন