মাধবপুরে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ ৭ ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় মূল হোতা ডাকাত সর্দার আমির হোসেনসহ সাতজন সক্রিয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সাহসিকতার পরিচয় দিয়ে ডাকাত সর্দারকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ায় তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন প্রশংসায় ভাসছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত প্রায় ১০টার দিকে শ্রীমঙ্গল থেকে কাজ শেষে ন্যাশনাল টি কোম্পানির তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন, হেড ক্লার্ক, পিএফ ক্লার্কসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী একটি ভাড়া করা নোহা গাড়িতে করে বাগানে ফিরছিলেন। পথে সুরমা চা বাগান এলাকায় পৌঁছালে মুখোশধারী একদল ডাকাত সড়কে ওঁৎ পেতে থেকে তাদের গাড়ির গতিরোধ করে। ডাকাতরা গাড়ির চালক মো. শাহীন মিয়াকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে চা বাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তার হাত-পা ও মুখ বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে ডাকাত সর্দার আমির হোসেনের নেতৃত্বে চালককে ছুরিকাঘাত করে নোহা গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। এ সময় পরিস্থিতি মোকাবিলায় সাহসিকতার পরিচয় দেন বাগান ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন। তিনি হাতে থাকা ওয়াকিটকি দিয়ে ডাকাত সর্দার আমির হোসেনের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে অন্য ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত ডাকাত সর্দারকে আটক করা হয় এবং রক্তাক্ত অবস্থায় চালক শাহীন মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আটক ডাকাত সর্দারকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরদিন ১৯ জুলাই অভিযান চালিয়ে চক্রের আরও ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পরে গ্রেপ্তার সাত ডাকাতকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত সর্দারকে আটক করে বড় ধরনের অপরাধ প্রতিরোধে ভূমিকা রাখায় তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটনকে স্থানীয় বাসিন্দারা সাহসী ও দায়িত্বশীল ভূমিকার জন্য প্রশংসা জানিয়েছেন


শেয়ার করুন