চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে উদ্ধার করা দুটি ময়না পাখি অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (১ জুলাই) বিকেলে এক মাস পরিচর্যার পর পাখি দুটি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়। কালেঙ্গা বনবিট কর্মকর্তা আব্দুল্লাহ আল-আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় এক মাস আগে কালেঙ্গা বনবিটের কাঠালবাড়ী এলাকার একটি বাড়ি থেকে দুটি ময়না পাখির বাচ্চা উদ্ধার করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে এক মাস লালন-পালনের পর উড়তে সক্ষম হওয়ায় সেগুলো রেমা-কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়েছে। রেমা-কালেঙ্গা বনের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, বন্যপ্রাণী ধরে বিক্রি করা কিংবা ঘরে পোষা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক এবং গণমাধ্যমকর্মী আব্দুল জাহির মিয়া বলেন, পাখি অবমুক্ত করার স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে পর্যাপ্ত ফলমূল ও পোকামাকড় রয়েছে, এমন পরিবেশে অবমুক্ত করলে তারা সহজেই প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। তিনি আরও বলেন, ময়না পাখি মানুষের শেখানো কথা বলতে পারলেও দীর্ঘদিন খাঁচায় থাকলে তারা বনের স্বাভাবিক ডাক ভুলে যায়। তাই অবমুক্ত করার আগে কিছুদিন প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি রেখে তাদের পুনর্বাসন করা প্রয়োজন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, বন্যপ্রাণী ধরে বন্দি করে পালন বা পাচার করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণে বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
