বানিয়াচং-হবিগঞ্জ সড়কের পাশে বালুর স্তুপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহাসড়কের শুটকি ব্রিজের দক্ষিণ পাশে সড়কের ধার ঘেঁষে বিশাল বালুর স্তুপ ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। হালকা বাতাসেই বালু উড়ে চালকদের চোখে-মুখে এসে পড়ায় যানবাহন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে এবং বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।

সরেজমিনে দেখা যায়, সড়কের একাংশ বালুতে ঢেকে গিয়ে রাস্তা অনেকটা সংকুচিত হয়ে পড়েছে। এতে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিপরীত দিক থেকে যানবাহন এলে পাশ কাটাতে গিয়ে তৈরি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি।

স্থানীয় সিএনজিচালক মো. করিম বলেন, “প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করি। বাতাস উঠলেই বালু উড়ে চোখে ঢুকে যায়। সামনে কিছুই দেখা যায় না। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

মোটরসাইকেল চালক রুবেল মিয়া বলেন, “রাস্তার পাশে এভাবে বালু ফেলে রাখা খুবই বিপজ্জনক। বিশেষ করে রাতে চলাচল করতে আরও ভয় লাগে। দ্রুত ব্যবস্থা না নিলে দুর্ঘটনা অনিবার্য।”

এক পিকআপচালক বলেন, “বালুর কারণে রাস্তা সরু হয়ে গেছে। বিপরীত দিক থেকে গাড়ি এলে পাশ কাটানো কঠিন হয়ে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

এলাকাবাসী ও নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা দ্রুত সড়কের পাশ থেকে বালুর স্তুপ অপসারণ করে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তাদের দাবি, গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়কে এ ধরনের অব্যবস্থাপনা শুধু জনভোগান্তিই বাড়াচ্ছে না, যেকোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণও হতে পারে। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি


শেয়ার করুন