জলাবদ্ধতা নিরসনে হবিগঞ্জ পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

হবিগঞ্জ শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নোয়াহাটি-আনোয়ারপুর খাল ও কালিবাড়ি ক্রস রোড এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা। রোববার সকালে পৌরসভার কনজারভেন্সি শাখার উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, নোয়াহাটি-আনোয়ারপুর খালের তলদেশে জমে থাকা পলিথিন, গৃহস্থালির বর্জ্য ও ঝোপঝাড়ের কারণে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা থাকায় পরিচ্ছন্নতাকর্মীরা এক্সকাভেটর ও ম্যানুয়াল পদ্ধতিতে খাল থেকে ময়লা-আবর্জনা ও পলি অপসারণ করেন। এতে পানি নিষ্কাশনের পথ স্বাভাবিক হয়।

একই সঙ্গে শহরের ব্যস্ততম কালিবাড়ি ক্রস রোড এলাকায়ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সড়কের দুই পাশের ড্রেন থেকে জমে থাকা কাদা ও প্লাস্টিক বর্জ্য অপসারণের পাশাপাশি সড়ক পরিষ্কার করা হয়। এছাড়া মশার প্রজনন রোধে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।

পৌরসভার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, জলাবদ্ধতা নিরসন এবং পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে নিয়মিতভাবে ড্রেন ও খাল পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলতে নাগরিকদের সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। অন্যথায় এসব কার্যক্রমের সুফল দীর্ঘস্থায়ী হবে না।

পরিচ্ছন্নতা অভিযান শেষে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ড্রেন ও খালে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা বন্ধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং অবৈধভাবে বর্জ্য ফেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা


শেয়ার করুন