বানিয়াচং উপজেলার দোয়াখানি মহল্লার একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে রিকশা, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক সময় পথচারীদেরও কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসী জানান, জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাত করতে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলের দাবি, বানিয়াচংয়ের মতো গুরুত্বপূর্ণ উপজেলার এমন একটি সড়কের বেহাল অবস্থা উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক। দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের উদ্যোগ গ্রহণ করা হলে জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
