চুনারুঘাটে বেহাল সড়কে দুর্ভোগ, বিয়ের সম্পর্কেও পড়ছে প্রভাব

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ধলাঝাই, উছমানপুরসহ আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে কাদা ও বড় বড় গর্তে চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ে। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

স্থানীয়দের দাবি, সড়কটি চুনারুঘাট উপজেলা পরিষদের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এটি দিয়ে প্রায় ৫০ হাজার মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষায় এসব গর্তে পানি ও কাদা জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। অনেক সময় যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, যোগাযোগব্যবস্থার নাজুক অবস্থার কারণে শুধু যাতায়াতেই ভোগান্তি হচ্ছে না, এর প্রভাব পড়ছে সামাজিক জীবনেও। স্থানীয় কয়েকজন অভিভাবক ও স্বজনের দাবি, সড়কের বেহাল অবস্থার কথা জেনে বাইরের এলাকার অনেক পরিবার এ অঞ্চলে আত্মীয়তা করতে অনীহা প্রকাশ করেন। এতে অনেক ছেলে-মেয়ের বিয়ের আলোচনা পর্যন্ত ভেঙে যাচ্ছে।

সড়কটির দুরবস্থার কারণে জরুরি রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা। বিশেষ করে বর্ষাকালে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হয়। এতে জরুরি চিকিৎসাসেবা পেতেও অনেককে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

শিক্ষার্থীরাও সড়কটির কারণে ভোগান্তির শিকার হচ্ছে। কাদা ও খানাখন্দে ভরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে অনেক শিক্ষার্থী সময়মতো স্কুল-কলেজে পৌঁছাতে পারছে না। এতে তাদের নিয়মিত লেখাপড়ায়ও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

স্থানীয়দের আরও অভিযোগ, সড়কটির নাজুক অবস্থার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যা হয়। এতে অপরাধ ও মাদকসংক্রান্ত কার্যক্রম নিয়ন্ত্রণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন।

এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন ধলাঝাই, উছমানপুরসহ আশপাশের এলাকার বাসিন্দারা।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, “অচিরেই এই সড়ক সংস্কারের কাজ শুরু হবে।


শেয়ার করুন