চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন গোবরখলা গ্রামের বাসিন্দা মৃত হাজী মজলিশ মিয়ার পুত্র সাবেক চেয়ারম্যান মো. হুমায়ূন কবির খান (৬০)। আসামিরা হলেন উত্তর বিলপাড় গ্রামের মৃত সুরুজ মিয়ার পুত্র রফিকুল ইসলাম ও তার পুত্র অভি মিয়াসহ ৪-৫ জন। মামলার বিবরনে জানা যায়, গত ৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মৌজায় তার মালিকানাধীন জমিতে প্রতিবেশী রফিকুল ইসলাম, তার ছেলে অভি মিয়াসহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি অনধিকার প্রবেশ করেন।
অভিযুক্তরা লোহার রড, শাবলসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে জমির পূর্ব ও দক্ষিণ পাশের পাকা সীমানা প্রাচীর ভাঙচুর করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মামলা করলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।
ভুক্তভোগীর দাবি, জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের পর থেকেই অভিযুক্তরা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিলেন। স্থানীয়ভাবে বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও তারা তা মানেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, ভাঙচুরের ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তিনি থানায় মামলা করেন। মামলার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
