Previous
Next

সর্বশেষ

শায়েস্তাগঞ্জে মহাসড়কে চাঁদাবাজির ভিডিও ভাইরাল ॥ যুবক গ্রেফতার

শায়েস্তাগঞ্জে মহাসড়কে চাঁদাবাজির ভিডিও ভাইরাল ॥ যুবক গ্রেফতার

শায়েস্তাগঞ্জে মহাসড়কে প্রকাশ্যে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় জহুরুল ইসলাম আফিন (২৬) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ ও পুরানবাজার বাইপাস সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আফিন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার কুঠিরগাঁও গ্রামের বাসিন্দা মৃত তাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার টোলের নামে একটি টোকেন ব্যবস্থার কথা বলে শায়েস্তাগঞ্জ মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে আসছিল একটি চক্র। সম্প্রতি একটি গাড়ি থেকে চাঁদা নেওয়ার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি স্থানীয়সহ জাতীয় গণমাধ্যমে আলোচনার সৃষ্টি করে। ঘটনার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্ত আফিনকে আটক করে হবিগঞ্জ সদর সেনা ক্যাম্পে নিয়ে যায়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পৌরসভার টোল আদায়ের বিষয়ে উপজেলা প্রশাসনের অনুমোদন রয়েছে কিনা এবং ইজারাদার ইয়াসিন খানের বৈধ কাগজপত্র আছে কিনা তা যাচাইয়ের জন্য তাকে প্রয়োজনীয় নথিপত্রসহ ক্যাম্পে হাজির হতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মহাসড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


বাহুবলে র‌্যাবের অভিযানে নাজমা হত্যা মামলার আসামী গ্রেফতার

বাহুবলে র‌্যাবের অভিযানে নাজমা হত্যা মামলার আসামী গ্রেফতার

বাহুবল উপজেলার কাজীহাটা গ্রামে চাঞ্চল্যকর গৃহবধু নাজমা আক্তার হত্যা মামলায় আব্দুল গনি (৪০) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পিবিআই পুলিশ। সোমবার (১৬ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়েছে। এর আগে সকালে পিবিআই’র এস আই রাজিব কুমার দাস তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করেন। সে একই গ্রামের কন্ঠই মিয়ার ছেলে। এদিকে, আব্দুল গনিকে গ্রেফতারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও মামলা সূত্র জানায়, গত ২০ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে কাজীহাটা গ্রামের মালদ্বীপ প্রবাসী জসিম মিয়ার স্ত্রী নাজমা আক্তার ঘর থেকে বের হন। পরে তিনি আর ঘরে ফিরেননি। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে গিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে তার মরদেহ দেখতে পান। স্থানীয়দের ধারণা দূর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ বাঁশ ঝাড়ে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় গত ২৫ অক্টোবর নাজমা আক্তারের মেয়ে মোছাঃ নার্গিস আক্তার বাদি হয়ে বাহুবল থানায় মামলা করেন। মামলায় আসামীদের সাথে তাদের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই তার মাকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পিবিআই’র এস আই রাজীব কুমার দাস জানান। নাজমা হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী আব্দুন নুরের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী আব্দুল গনিকে গ্রেফতার করা হয়েছে। জবানবন্দিতে আব্দুন নুর জানায়, নাজমা হত্যা মামলায় আব্দুল গনি জড়িত রয়েছে।

বাহুবলে কথিত মানবাধিকার নেতা নুরুল হকের জামিন না-মঞ্জুর

বাহুবলে কথিত মানবাধিকার নেতা নুরুল হকের জামিন না-মঞ্জুর

বাহুবলে মানবাধিকার সংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে অসহায় নারীদের ধর্ষণ, ব্ল্যাকমেইল ও পর্নোগ্রাফি চক্র পরিচালনার অভিযোগে গ্রেপ্তার কথিত মানবাধিকার নেতা নুরুল ইসলাম ওরফে নুরুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৬ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বজলুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ জজকোর্টের নাজির ও পেশকার ফাহিমা খানম।

আদালত সূত্রে জানা যায়, সোমবার জামিন শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিউল আলম আজাদ এবং বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রহুল হাসান শরীফ নিজ নিজ পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগের গুরুত্ব বিবেচনায় বিচারক নুরুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেন।

অনুসন্ধানে জানা গেছে, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মহাশয়ের বাজার এলাকায় ‘দরিদ্র কল্যাণ সংস্থা’ ও ‘মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’ নামে দুটি ভুঁইফোড় প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন নুরুল হক। অভিযোগ রয়েছে, অসহায় ও দরিদ্র পরিবারের তরুণীদের বিদেশে পাঠানোর প্রলোভন কিংবা চাকরির টোপ দিয়ে তিনি অফিসে ডেকে আনতেন। এরপর শুরু হতো ব্ল্যাকমেইল ও পাশবিক নির্যাতন।

মামলার এজাহার অনুযায়ী, চুনারুঘাট উপজেলার এক তরুণী নুরুল হকের প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে যোগ দেওয়ার পর তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, ধর্ষণের দৃশ্য মোবাইলে ধারণ করে পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন তাকে যৌন নির্যাতনের শিকার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অতিষ্ঠ হয়ে ওই ভুক্তভোগীসহ একাধিক নারী বাহুবল থানায় মামলা দায়ের করেন। পরে র?্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে নুরুল হককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ সামনে আসতে শুরু করেছে।

স্থানীয়দের দাবি, মানবাধিকারের কথা বলে এলাকায় কথিত সালিশ-বিচার করতেন তিনি। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোই ছিল তার প্রধান কৌশল।

এদিকে তার অফিসে তল্লাশি চালিয়ে বিভিন্ন স্পর্শকাতর ছবি ও তথ্য উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও প্রশাসন জানিয়েছে, মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তাদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


মাধবপুরে অপহরণ মামলার আসামি রনি গ্রেফতার ॥ স্কুল ছাত্রী উদ্ধার

মাধবপুরে অপহরণ মামলার আসামি রনি গ্রেফতার ॥ স্কুল ছাত্রী উদ্ধার

মাধবপুরে এক স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি রনি মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। একই সঙ্গে অপহৃত ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম মাধবপুর উপজেলার চৌমুহনী আব্দুল আজিজ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার পিতা প্রবাসে থাকায় সে পরিবারের সঙ্গে বসবাস করত। অভিযুক্ত রনি মিয়া দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে ভিকটিমকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। বিষয়টি পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও কোনো সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে সহযোগীদের নিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে ভিকটিমকে অপহরণ করে রনি মিয়া। পরে ভিকটিমের দাদা বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই অংশ হিসেবে সোমবার রাত আনুমানিক পৌনে ৯ টায় র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প (হবিগঞ্জ) ও সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আবদুল্লাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক প্রধান আসামি মো. রনি মিয়া (২০)কে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান ॥ ২ ব্যবসায়ীকে জরিমানা

শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান ॥ ২ ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে হবিগঞ্জ শহরে পরিচালিত হয় অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্যাট পৃথিন্দ্র চাকমার নেতৃত্বে ওই মোবাইল উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। মঙ্গলবার বিকেলে থানা ক্রস রোড হতে চাষীবাজার পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে। অবৈধভাবে রাস্তার উপর দোকান বসানোর কারনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়াও থানা ক্রস রোড, কোর্ট স্টেশন রোড ও চাষী বাজারে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করা হয়। এই অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্র্যাট নাসিম হাসান, হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ফুটপাতে অবৈধ দোকানপাট বসিয়ে যানচলাচলে বিঘ্ন ঘটালে পরবর্তীতে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে অভিযানে অংশগ্রহনকারীদের পক্ষ হতে ঘোষনা করা হয়। 

নবীগঞ্জে প্রেমিকের সহায়তায় গলায় ওড়না প্যাঁচিয়ে শাশুড়িকে হত্যা করে পূত্রবধূ

নবীগঞ্জে প্রেমিকের সহায়তায় গলায় ওড়না প্যাঁচিয়ে শাশুড়িকে হত্যা করে পূত্রবধূ

পরকীয়া প্রেমিকের সহায়তায় নিজের শাশুড়ি ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) কে হত্যার দায় স্বীকার করেছেন তামান্না আক্তার (২২) মঙ্গলবার তামান্না আক্তার হবিগঞ্জের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন বলে জানান নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া। এরআগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বসতঘর থেকে হাত-পা, মুখ বাঁধা এবং গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফেরদৌসী ইসলাম চৌধুরীর লাশ উদ্ধারের ঘটনায় তার পুত্রবধূ তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তামান্নার পরকীয়া প্রেমিক ও তার সহযোগীরা ফেরদৌসীকে হত্যা করে ঘটনাটি চুরি বলে চালিয়ে দিতে তামান্নাকেও বেঁধে রেখে যায়। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর নবীগঞ্জ থানা-পুলিশ তামান্না আক্তার (২২) নামে ওই গৃহবধূকে গ্রেপ্তার দেখিয়েছে।

এর আগে সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার মধ্যসমেত গ্রামে নিজ বসতঘর থেকে ফেরদৌসীর হাত-পা ও মুখ বাঁধা এবং গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে একইভাবে বাঁধা অবস্থায় তার পুত্রবধূ তামান্নাকে জীবিত উদ্ধার করা হয়। নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামের মৃত সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী।

পুলিশ জানায়, তামান্নার স্বামী রফিকুল ইসলাম চৌধুরী দুবাইয়ে অবস্থান করছেন। বিয়ের সময় পাওয়া পাঁচ ভরি স্বর্ণালঙ্কার শাশুড়ি ফেরদৌসী চৌধুরীর কাছে রাখা ছিল। এ নিয়ে তামান্নার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। এর মধ্যেই শিপন মিয়া নামে এক টিকটকারের সঙ্গে তামান্নার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত তাদের দেখা-সাক্ষাৎ হতো। রোববার রাতে ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন বাড়িতে দুই সহযোগীকে নিয়ে তামান্নার সঙ্গে দেখা করতে আসেন শিপন। পেছনের দরজা দিয়ে প্রবেশের সময় ফেরদৌসী বাধা দিলে তাকে হাত-পা ও মুখ বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়। ঘটনাটি চুরি হিসেবে দেখাতে তামান্নাকেও বেঁধে রাখা হয়। মঙ্গলবার নিহতের ভাই এ ঘটনায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব অভিযান চালিয়ে প্রধান আসামি তামান্নাকে আটক করে থানায় সোপর্দ করে।

দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না-হুইপ জি কে গউছ

দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না-হুইপ জি কে গউছ

জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ বলেছেন, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না। প্রশাসনের কেউ যদি মনে করেন দুর্নীতি করে পার পেয়ে যাবেন, সেটি তার ভুল ধারণা। খাল পুনঃখননের কাজ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ কাজে কোনো ধরণের অনিয়ম বা দুর্নীতি হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে খাল খনন করা হলে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং মাছ চাষেরও ব্যাপক সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি খালের পাড়ে ২৫কোটি গাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।  চুনারুঘাটে বুচিনালা খাল পুনঃখনন কাজের উদ্বোধনে এ কথা বলেন তিনি। দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার দেওরগাছ ইউনিয়নের বুচিনালা খাল এলাকায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। 

সভায় উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, বিএডিসি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুল হক, সহকারী প্রকৌশলী এ.এম. রাকিবুল হক, চুনারুঘাট অফিসের উপ-সহকারী প্রকৌশলী সিদ্ধার্থ দাশ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক সহ আরও অনেকে।

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, সরকারি অনুদান ও বরাদ্দ স্বচ্ছতার সঙ্গে জনগণের মাঝে বণ্টন করা হবে। ঈদ উপলক্ষে পাওয়া বরাদ্দ দুই উপজেলায় সমানভাবে বিতরণ করা হবে। তিনি চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জানা গেছে, আজিমাবাদ ও দেওরগাছ মৌজায় অবস্থিত বুচিনালা খালটির মোট দৈর্ঘ্য প্রায় ২ দশমিক ১০ কিলোমিটার। খোয়াই নদী থেকে শুরু হয়ে খালটি আজিমাবাদ হাওরে গিয়ে শেষ হয়েছে। প্রায় ২৭ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হবে।

খালটি পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ১৫০ হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে এবং প্রায় ৭৬০ জন কৃষক সরাসরি উপকৃত হবেন বলে বিএডিসি'র কর্মকর্তারা জানিয়েছেন।