বানিয়াচংয়ে সিএনজি ও টমটম চালকদের সংঘর্ষ, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে সিএনজি ও টমটম চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি ও টমটম চালকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয় এবং মুহূর্তেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত থেকে উভয় পক্ষকে শান্ত করেন। বর্তমানে এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে।

এলাকাবাসীর দাবি, জনসাধারণের স্বাভাবিক চলাচলের স্বার্থে দ্রুত এ বিরোধের স্থায়ী সমাধান করা হোক এবং সড়কটি সকলের জন্য চলাচলের উপযোগী করে দেওয়া হোক।


শেয়ার করুন